সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একটি বিকেল, অতঃপর...

একটি বিকেল, অতঃপর...

-মুহাম্মদ সৈয়দুল হক


পড়ন্ত বিকেল। একটু আগেই আসরের নামাজটা শেষ করে মসজিদ থেকে বের হলাম। মসজিদের বামে কবরস্তান। এর বামে মাঠ। মাঠের বামে বহুবছরের পুরোনো মাজার। যিনি শায়িত আছেন তাঁর নাম ‘হযরত গোলাম হোসাইন শাহ।’ সাথে মাদরাসাও আছে একটা। এর পশ্চিমে বাগান। সুযোগ থাকলে গোধুলিটা উপভোগ না করে ছাড়ি না। একপা দুপা করে চলে গেলাম বাগানের শেষমাথায়। একদম পশ্চিম কোণায়। 


লোকজন নেই। এদিকটা লোকশূন্য। গোধুলী উপভোগের জন্য এরচে ভালো জায়গা হয় না। সামনে বিস্তৃত ধানক্ষেত। ভিন্ন ভিন্ন দূরত্বে পশ্চিম ও দক্ষিণে ছোট ছোট টিলায় ঘেরা। কাটাগাছের একটা গোড়ায় কিছু পাতাযুক্ত ছোট ছোট ঢাল পেতে বসে পড়লাম। আজকের গোধুলী একটু আগেভাগে চলে এসেছে। আকাশে প্রচুর মেঘ। সূর্য দেখা যাচ্ছে না। গেলে খারাপ হতো। পশ্চিম দিকে মুখ করে বসা যেত না। শিরশির বাতাস বইছে। পাঞ্জাবির বোতাম খুলে দিলাম। 


ধানক্ষেতের দিকে তাকিয়ে আছি। হলদে ভাবটা চলে গেছে। গাঁড় সবুজ রং ধারণ করেছে। মনোরম দৃশ্য। এ দেশের কৃষকরা একেকজন বিরাটমানের শিল্পী। কত নিখুঁত এঁদের নিশানা। ধানের গোছাগুলো কোন যন্ত্র ছাড়াই এমনভাবে রোপন করছে যে, সেগুলির দূরত্বে হেরফের নেই। সারি সারি। বাতাসে সেগুলির অগ্রভাগ দুলছে। বাতাসের গতির হ্রাসবৃদ্ধিতে দোলার গতির তারতম্য সৃষ্টি হচ্ছে। হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। বাতাস না আসলে গাছের পাতা নড়ে না। হাত দিয়ে একটা ধানগাছের অগ্রভাগ নাড়িয়ে বাক্যটা মিথ্যা বানিয়ে দিলাম। নড়স না ক্যান? এই ব্যাটা নড়! নড় বলছি...


হুকুমে কাজ হলো। আবার নড়া শুরু করল। বাতাস এসে গেছে। সাথে হালকা বৃষ্টিও। খুবই হালকা। ফোটাগুলো গণ্ডদেশ, নাসিকা, কর্ণ, ওষ্ঠাধর ছোঁয়ে দিচ্ছে। যেন এদের সাথে আমার বহুবছরের প্রেম। গলায় গলায় ভাব। বিনা আমন্ত্রণে এদের এত প্রেম নিবেদনে খানিকটা সন্দেহ জাগলো। সন্দেহ সত্য হলো। দূরে ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। আর কিছুক্ষণ বসা যেত। তবে প্রেমের জলে ডুবে মরতে হবে। উঠে গেলাম। একদৌড়ে গিয়ে পড়লাম চা’র দোকানে। লোকজন কম। সওদাগর চেনা লোক। তুইতুকারির সম্পর্ক। ঐ চা দে। 

-ধর। 

-মানে কী? 

-আরেকজনর লাই বানাইজি। ইতে নহাদ্দে। (আরেকজনের জন্য বানিয়েছি। সে খাচ্ছে না)

চায়ে টান দিলাম। মোটামোটি ভালো হয়েছে। ইতোমধ্যে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। দোকানের ছাদ টিনের হওয়ায় সুবিধে হলো। টিনের ছাদ না হলে বৃষ্টির ঝুমঝুম শব্দ শোনা যায় না। এ শব্দ না শুনতে পেলে বৃষ্টি হওয়ার দরকারটা কী?


চা শেষ। বৃষ্টিও শেষ। ইলশেঘুড়ি বলবৎ। রাস্তা মাফা শুরু করলাম। অর্ধেকটা যেতে না যেতে আবারো বর্ষণ শুরু। প্রথমে ভাবলাম দৌড় দেই। পরে ভাবলাম না, ভিজি। এভাবে ঝুপবৃষ্টিতে ভেজা হয় না অনেক দিন। উন্মুক্ত আকাশের নিচে নিজেকে উন্মুক্ত করে দিলাম। বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে...


একনাগাড়ে বৃষ্টি পড়ছে। থামাথামির লক্ষণ নেই। আমিও ভিজে চলেছি। আমাকে দেখে বৃষ্টির আনন্দ বেড়ে গেলো। আনন্দ না রাগ বুঝা যাচ্ছে না। অধিক শক্তি সঞ্চয় করে জেদি মেজাজে ঝরে চলেছে। অনেক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি রাস্তার একধারে। ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। বৃষ্টিতে আগেও বহুবার ভিজেছি। এত উপভোগ কখনো করি নি।


চোখ খুললাম। সিএনজি, সাইকেল ছাড়াও ছাতা হাতে অনেকে হেঁটে অতিক্রম করছে আমাকে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। যেন আমি অদ্ভুত জীব! তাদের তাকানোটা অস্বাভাবিক দেখাচ্ছে। কেউ কেউ হাসছেও। কী আজিব! আমি কি হাসার পাত্র? একটা মানুষ ভিজতেও পারবে না? 


বৃষ্টি থেমে গেছে। দুয়েকদিকে মাগরিবের আজান হচ্ছে। ঘরে যাওয়া যাক। ভিজে যা মাখামাখি অবস্থা হয়েছে না, গোসল করতে হবে। 


গোসল শেষ। নামাজও শেষ। মন-মস্তিস্ক ভালো না। দুটাই বিকারগ্রস্থ। মাথায় বড়োধরণের সমস্যা দেখা দিয়েছে। সারাক্ষণ চিকচিক করছে। কদিনধরেই এমন চলছে। এতক্ষণ ‘ভেজা পাগলামি’র কারণ ওটাই। দরবার যাব। মাইজভাণ্ডার দরবার। বেলায়তের আড্ডাখানা। অশান্ত মনের শান্তির ঠিকানা। চোখের তৃপ্তি, হৃদয়ের ব্যাপ্তি।


আধঘণ্টার মধ্যে পৌঁছে গেলাম। অজু করলাম পুকুরে। মাথায় পানিও দিলাম খানিকটা। ভালো লাগছে। নিয়ত বিশুদ্ধ থাকলে এ পানি শেফা হয়ে কাজ করে। মকামে মকসুদে পৌঁছে গেছি। কুরআনের নকশা করা সে ঘরে। আত্মার মুর্শিদ ‘প্র্যাকটিকেল কুরআন’ হযরতের রওজায়। অনাবিল শান্তির অনন্য স্থান। কদমে চুপচাপ বসে পড়লাম। মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না। বোবা হয়ে গেছি। হযরতের রওজায় গেলে আমি বোবা হয়ে যাই। মুখ নেড়ে কিছু পড়তে পারি না। হাত তুললে কিছু চাইতে পারি না। হযরতের বাণী- ‘যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে, তাহাকে আমি উন্মুক্ত সাহায্য করিব। আমার গাউছিয়ত সরকারের এই প্রকৃতি হাসরতক জারি থাকিবে।’ এ বাণীটা কার জন্য করেছিলেন কে জানে। আমার জন্য মনে হয়, না। নতুবা মুখ দিয়ে কিছু বেরোই না কেন? অধিক শোকে নাকি পাথর। এ কেমন শোক, কেমন খেলা বুঝে উঠতে পারছি না। অচেনা কোন অইন্দ্রিয় শক্তি আঁটকে দেয়। নাম না জানা কোনো এক গভীরজলের লেখক এভাবে লিখেছিলেন-

“আরজিয়াঁ সারি মাই, 

চেহরে পে লিখকে লায়াহুঁ,

তুমছে কেয়া মাঙ্গু মাই, 

তুম খুদ হি সামাঝলো মউলা।”


আত্মার খেলা শুরু। মাথা ঝুঁকে যাচ্ছে সামনের দিকে। অনিচ্ছাকৃত। শরীয়ত পেছন থেকে টেনে ধরেছে। কপাল ঠেকানো চলবে না। কিন্তু কপাল ঠেকে গেছে। উপুড় হয়ে পড়ে গেছি। অনেক্ষণ পড়ে রইলাম। অচলাবস্থা...


এশার সময় হয়ে গেছে। রওজার সাথেই ইবাদতখানা। উঠে গিয়ে নামাজে দাঁড়ালাম। নামাজে এত তৃপ্তি সবসময় পাওয়া যায় না। একাগ্রচিত্তে অবনত মস্তকে। আহ, শান্তি!


নামাজ শেষে আবারো কদম মোবারক বরাবর বসে পড়লাম। জিয়ারতের নিয়ম পশ্চিম পাশে পুর্বদিকে মুখ করে দাঁড়ানো। আমি কদমেই আঁটকে গেলাম। এখানকার সবকিছু অদ্ভুত নিয়মে চলতে থাকে। কে যেন লিখেছিলেন-

‘আমার গাউছুল আযম মাইজভাণ্ডারী আজব শানে খেলেরে

নুরছে আপনা বদন বানায়া নুরছে রশ্নি জ্বলেরে...’

নিজের ইচ্ছা-অনিচ্ছার চেয়ে আত্মার বাঁধন বড়ো হয়ে দাঁড়ায় এখানে। স্রোতের বিপরীত চলতে বাধ্য করে। আমিও সে বাঁধনে বাঁধা পড়ে গেছি। 


কতক্ষণ বসে ছিলাম হিসেব নেই। ঘড়ি দেখতে ইচ্ছে করছে না। এখানে ঘড়ির হিসেবে চলা অনর্থক মনে হচ্ছে। এখানে ঘড়ি চলবে অন্য এক হিসেবে। সে হিসেবটা আপাতত তোলা থাক। বিনয়াবনত মস্তকে ধীরপায়ে বেরিয়ে পড়লাম। শান্তি অনুভূত হচ্ছে। মনে হয় কাজ হয়ে গেছে। মাথাব্যথাও চলে গেছে। এ এক আজব ডাক্তারের আজব কারখানা। বাকি রওজাগুলোর জিয়ারতও শেষ হলো। ঘড়িতে টাইম দেখি ন’টা চল্লিশ। বাড়ি ফিরতে হবে। এএএএই সিএনজিইইই...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মসলকে আলা হযরত

বিষয়ঃ মসলকে আলা হযরতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা। —মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থী: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। ফলপ্রার্থী: ফাযিল প্রথম বর্ষ ★প্রারম্ভিকাঃ  “তমসা ঘেরা এ দুনিয়ার মানুষ দেখিলো সেদিন পথ দীনের আকাশে উদিল যেদিন ‘মসলকে আলা হযরত’ বতুলতায় ভরা এ উপমহাদেশ পেয়েছে সেদিন দিশা রবিসম সে মসলক-গুণে কেটে গেছে অমানিশা।” যাবতীয় প্রশংসা সেঁ মহীয়ান সত্ত্বা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুলের পাশাপাশি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত (রহ.)’র মসলকে কবুল করেছেন। অগুনতি দরুদ ও সালামের নজরানা সেঁ দুজাহানের বাদশা নবি মুহাম্মদ (দ.) এর পাক কদমে, যাঁর অশেষ করুণায় তাঁরই নির্ধারিত যুগের মহান দিকপাল ইমাম আহমদ রেযা খাঁন (রা.)’র মসলকের শামীয়ানায় আমরা আশ্রিত। ইসলামের সকল যুগের সকল সূর্যসন্তানদের প্রতি সশ্রদ্ধ সালামপূর্বক স্মরণ করছি যাঁর পথ-মত তথা ’মসলক’ নিয়ে লিখতে বসেছি, যুগের সে মহান সংস্কারক, আঁধারে আলোকরশ্মি, দোজকের তাপদাহে জান্নাতি পবন, অথৈ সমুদ্রে জাহাজের কাণ্ডারিতুল্য ইমাম আহমদ রেযা খাঁঁন ব্রেলভী (রা.) কে, যিনি এ পৃথিবীতে না এলে ইসলাম-সূর্য এদ্দিনে হয়ত তাঁর...

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।