সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রশংসিত ৬

প্রশংসিত-৬
খাদিজা সাত রাজার ধন পেয়ে বসেছে। সাত না; রাজাদের রাজার ধন। আরে না, স্বয়ং রাজা পেয়ে বসে আছেন। খাদিজা থেকে খাদিজাতুল কুবরা হয়েছেন। তাঁর আর সম্পদ চায় না। চায় শুধু প্রেমাস্পদের ভালোবাসা-সন্তুষ্টি। সব সম্পদ প্রেমাস্পদের পদতলে উজাড় করে দেন। নব-দোলহা রাতারাতি সম্পদশালী। কিন্তু এ সম্পদ তিনি কী করবেন? তিনি তো বিলাতে এসেছেন, ভোগ করতে নয়। কার মেয়ের বিয়ে আঁটকে গেছে, কোন গরীব না-খেতে পেয়ে মরছে, কোন বিধবা সম্বলহীনা, কার মাল দস্যুরা লুটে নিয়েছে—খোঁজে খোঁজে দান করা শুরু। পৃথিবীময় প্রসারিত এ হাত—দানে থামে না। ফকির হওয়ার ভয় করে না। কমে যাওয়ার চিন্তায় মজে না। পরম দাতা যাঁর সাথে, কমার ভয় কি তাঁর সাজে?
সাজে না। সাজা থেকে সাজগোজ। ওসবের বালাই ছাট। পূর্ণ যুবক। টগবগে চেহারা৷ মাথায় বাবরি চুল। দেখতে মাঝারি গড়ন। কিন্তু ভীড়ের মধ্যে দূর থেকেও দেখা যায়। পুরো মক্কার মধ্যমণি এখন। আল-আমিন নামের প্রচার আরো প্রসারিত হয়েছে। ঘোড়ায় চড়লে তাঁকে আর থামায় কে? হ্যা, ঘোড়ায় এখন চড়া হয় নিয়মিত। সিরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল খাদিজার। সে-সবের দেখাশোনা এখন নিজেকেই করতে হয়। গোত্রের দশজনের একজনও বটে। মধ্যমণি বলেছিলাম। তাঁকে ছাড়া আসর জমেই না।
কিন্তু আসরে তাঁর মন মজে না। নিরালা ভালো লাগে৷ কিছু সময় একাকী অনন্ত সত্তার সন্ধানে না-কাটালেই নয়। তাই সুযোগ পেলেই ছোটে চলেন বিজনভূমে। লোকালয়ের অন্তরালে। পরম আরাধ্যকে খোঁজে বেড়ান বন থেকে বনান্তরে।
দেখতে দেখতে খাদিজার কোলও পূর্ণ হয়। বিয়ের দুবছর পর জন্ম হয় নবিজাদা কাশেমের। দুবছর পর মারাও গেলেন। পরের বছর আবার আলোর দেখা। বিবি জয়নবের জন্ম। জন্ম হয় কাশেম, তৈয়ব, তাহেরেরও। কিন্তু বিধির বিধান। শেষনবির পুত্র রবে না। সবাই মারা যায় অল্পবয়সে। তাঁর কাঁধে পুরো দুনিয়ার সন্তানদের ভার। চারপু্ত্রের বাড়তি ভার চাপিয়ে দেবেন কেন? এই কি হেকমত? এই কি রহস্য? জানা নেই। রহস্য রহস্যই থাক। পুত্রহারা খাদিজার কোল পুত্রশোকে বিভোর হতে দেননি। একে-একে দুনিয়া আলোকিত করেছেন, রুকাইয়া, কুলসুমা ও জান্নাত-নেত্রী ফাতেমারা। তাদের কথা না-হয় থাক আপাতত। কোরাইশরা কাবায় কী করছে দেখে আসি।
কাবা শরিফের কিনারায় কোরাইশ নেতারা৷ পরামর্শ সভা বসেছে। কাবার দেয়ালে চিড় ধরেছে। দুদিন আগে মোমবাতি জ্বালাতে গিয়েছিল এক মহিলা। সেখান থেকে গিলাফে আগুন লেগে যায়। গিলাফ পুড়ে গেছে। সাথে দুর্বল হয়েছে দেয়ালও। পাশের পাহাড় থেকে বর্ষার পানি এসে ডুবিয়ে যায় মাঝে মাঝে। সংস্কারের সময় এসে গেছে। সংস্কার করা যায় কিনা? করলে কীভাবে করবে—এই নিয়ে পরামর্শ।
একজন বললো, পুরোনো দেয়াল ভেঙে নতুন করে বাঁধতে হবে। অপরজন আপত্তি জানালো। বললো, খোদার ঘরে হাত দেয়া ঠিক হবে না। দেখতে পণ্ডিত সাদা দাড়িওয়ালা একজন দাঁড়িয়ে গেল। আগেরজনের আপত্তির জবাবে লম্বা ইতিহাস টানলো। ভায়েরা, দেয়াল ভাঙা নিয়ে এত চিহ্নিত হবার কিচ্ছু নেই৷ এর আগেও এটি বহুবার সংস্কার হয়েছে৷ প্রথমবার বানিয়েছিলেন ফেরেশতারা। তাঁরা এটিতে তাওয়াফ করত। তখন মানুষ ছিল না। ছিল জিন জাতি। এরপর এটিকে সংস্কার করেছেন পৃথিবীর প্রথম মানব, আমাদের আদি-পিতা আদম আলাইহিস সালাম। তারপর করলেন তাঁর পুত্র শীস আ.। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় সেটি ধ্বসে যায়৷ ইবরাহিম আলাইহিস সালামের সময়ে এসে সেটির পুননির্মাণ হয়। ঐ যে পাশের সিনাই, যাইতা, লুবানন, জুদি, হিরাপর্বত দেখছেন, সেগুলো থেকে ফেরেশতারা পাথর এনে দিতেন৷ পুত্র ইসমাইল উপরে তুলে দিতেন। নবি ইবরাহিম গাঁথুনি দিতেন৷ মকামে ইবরাহিমটা তখন লিফটের মতো প্রয়োজনানুসারে উপর আর নিচে উঠা-নামা করত। ইবরাহিম আলাইহিস সালামের সেই ভিত এখনো ঠিকে আছে। তবে এটিতেও আমলেকা সম্প্রদায়, জোহরোম গোত্র ও কুসাই বিন কিলাব সংস্কার সাধন করেছেন। সুতরাং, পুরোনো হয়ে যাওয়া দুর্বল দেয়াল ভেঙে নতুন দেয়াল তৈরিতে বাধা নেই।
কোরাইশরা এই জ্ঞানী লোকটির কথায় ঐক্যমত্য হলো। কিন্তু কাবার দেয়াল ভাঙতে সাহস হচ্ছিল না কারো। ওয়ালিত বিন মুগিরা এগিয়ে আসলো। উপর দিকে তাকিয়ে বললো, হে আল্লাহ! আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না। কেননা আমাদের উদ্দেশ্য ভালো। অতঃপর, সে পাথর সরাতে লাগলো। বাকিরা তখনও দর্শক। একজনের সতর্কতামূলক মতামত: চল, আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি। যদি দেখি, মুগিরার কিছু হয়নি; তবে আমরাও কাজ শুরু করবো।
পরদিন সবাই এসে এক অভূতপূর্ব দৃশ্য দেখে। মুগিরার হাত-পা চারটা একই সাথে কাজ করছে! তার কিছুই হয়নি। কোরাইশরা আশ্বস্ত হয়। না, এ কাজে আল্লাহ রাজি আছেন। এবার সবাই হাত লাগায়। পাথর সরাতে থাকে। দেয়াল ভাঙতে থাকে। ভাঙতে ভাঙতে এক জায়গায় এসে থমকে যায় সবাই। কোদালের কোপ দিতেই পুরো মক্কানগরী কেঁপে ওঠে। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। কেউ কেউ ভয়ে শুয়ে পড়ে। সাদা দাড়িওয়ালা আবার এগিয়ে এলো। চারিদিকটা ভালো করে পরখ করে। না, তোমরা আর গভীরে যেয়ো না। এটাই ইবরাহীম আলাইহিস সালামের গড়া মূলভিত্তি। এটার উপরেই আমাদের কাজ করতে হবে। লোকেরা বুঝতে পারে, ভাঙার কাজ শেষ, এবার গড়ার পালা৷ ভাঙলে গড়তে হয়। দুনিয়াটা ভাঙা-গড়ার বালুচর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মসলকে আলা হযরত

বিষয়ঃ মসলকে আলা হযরতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা। —মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থী: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। ফলপ্রার্থী: ফাযিল প্রথম বর্ষ ★প্রারম্ভিকাঃ  “তমসা ঘেরা এ দুনিয়ার মানুষ দেখিলো সেদিন পথ দীনের আকাশে উদিল যেদিন ‘মসলকে আলা হযরত’ বতুলতায় ভরা এ উপমহাদেশ পেয়েছে সেদিন দিশা রবিসম সে মসলক-গুণে কেটে গেছে অমানিশা।” যাবতীয় প্রশংসা সেঁ মহীয়ান সত্ত্বা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুলের পাশাপাশি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত (রহ.)’র মসলকে কবুল করেছেন। অগুনতি দরুদ ও সালামের নজরানা সেঁ দুজাহানের বাদশা নবি মুহাম্মদ (দ.) এর পাক কদমে, যাঁর অশেষ করুণায় তাঁরই নির্ধারিত যুগের মহান দিকপাল ইমাম আহমদ রেযা খাঁন (রা.)’র মসলকের শামীয়ানায় আমরা আশ্রিত। ইসলামের সকল যুগের সকল সূর্যসন্তানদের প্রতি সশ্রদ্ধ সালামপূর্বক স্মরণ করছি যাঁর পথ-মত তথা ’মসলক’ নিয়ে লিখতে বসেছি, যুগের সে মহান সংস্কারক, আঁধারে আলোকরশ্মি, দোজকের তাপদাহে জান্নাতি পবন, অথৈ সমুদ্রে জাহাজের কাণ্ডারিতুল্য ইমাম আহমদ রেযা খাঁঁন ব্রেলভী (রা.) কে, যিনি এ পৃথিবীতে না এলে ইসলাম-সূর্য এদ্দিনে হয়ত তাঁর...

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।