সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ধ্রুব

ধ্রুব
ধ্রুব চা খাচ্ছিল। খেতে খেতে ভাবছে। ভাবতে ভাবতে খাচ্ছে। কোনটা আগে? ভাবনা না খাওয়া? খাওয়া না ভাবনা? আরে, এটা তো পান করার জিনিস; খাচ্ছে কেন? যাব্বাবা, কী যে মাথামুণ্ডু ভাবছে—কে জানে! পানকে খাওয়া ভেবে ভাবনার অপমান হয়েছে ঢের। আর না। এবার খাওয়ায় মনোযোগ দেয়া যাক। হে হে, মনোযোগ দেবার আগেই মনোভাব পাল্টে গেল? আবারো খাওয়া? ভাবনার মান-ইজ্জত একেবারে শেষ। কিন্তু না, এভাবে শেষ হতে পারে না। সে ভাবুক৷ ভাবনার অপমান সে হতে দেবে না। প্রয়োজনে পানকে যে-কোনো রীতিতে খাওয়া বানিয়ে ছাড়বে।
আচ্ছা, চা’কে বিরিয়ানি ভাবলে কেমন হয়? হাঁ, বিরিয়ানি ভাবলেই হয়ে যায়। খাওয়া-পানের দ্বন্দ্ব শেষ। তা-ছাড়া চা আর বিরিয়ানির কালারটা কাছাকাছি। বিরিয়ানিতে ঝোল ঢালা হোক। মাখামাখি করে পান্তাভাত বানানো যাক। এবার পান্তাভাতের তরিকায় পুরুত পুরুত টানা যাক। আহা! সে কী স্বাদ, সে কী স্বাদ! ধ্রুব এবার চিৎকার দেয়—পৃথিবী বিরিয়ানির, পৃথিবী বিরিয়ানির। চায়ের কাপটা আর কাপ নেই। আকাশের বুকে সুসজ্জিত থালা। থালাটা আবার চাঁদের মতো। সে চাঁদে ঝিলিক মারছে। চাঁদটাকে একবার ডানহাতে, আবার বাঁহাতে। সেটাকে আবার কিছুক্ষণ পরপর মুখে পুরে লম্বা চুমুক। চুমুকের সাথে সাথে মুখে যাচ্ছে বিরিয়ানি। এবার সে আবার চিক্কুর পাড়লো—চাঁদ তুমি বিরিয়ানি-ময়, চাঁদ তুমি বিরিয়ানি-ময়।
ধ্রুব’র পাগলামি বেড়ে চলেছে। তাকে এবার থামানো যাক।
—ঐ কী করিস?
—বিরিয়ানি খাচ্ছি। আআআহ!
—মানে কী, এ তো চা, বিরিয়ানি কই?
—আরে নাহ, এটা বিরিয়ানি।
—মাথা কি আছে, না গেছে?
—আছে আছে। শোন, ‘চা খাওয়া’ বিষয়টা উদ্ভট। চা খাওয়া যায় না, পান করতে হয়। তাই চা’কে বিরিয়ানি ভেবে খেতে থাকলাম। ব্যাপারটা জোস! অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছি।
—তা ঠিক আছে। এবার একটা কাজ কর।
—কী কাজ?
—ঐ যে গোবরগুলো আছে না?
—আছে তো।
—ঐগুলোকে চকলেট ভেবে খেতে থাক।
—আরে না, চকলেট আমার পছন্দ না। আমি বিরিয়ানি খাচ্ছি, তুই চকলেট খা।
—বুঝছি, তোকে হবে না। আচ্ছা একটা কথা বল তো দেখি।
—কী কথা?
—এই যে, সরকার ত্রাণ দিল...
—দিল তো।
—আরে, শেষ তো করতে দে।
—আচ্ছা বল বল। বিরিয়ানির নেশা চড়ে গেছে। তাই এডভান্স বকে চলেছি।
—সরকার তো ত্রাণ দিল। কিন্তু দেখেছিস, সে ত্রাণ না-পেয়ে অনেকে প্রাণে মরে মরে অবস্থা?
—তা দেখেছি। তাতে কী?
—আরে, ত্রাণ তো পর্যাপ্তই ছিল। কিন্তু চোরেরা মেরে দিচ্ছে। এ পর্যন্ত আড়াইশোর উপরে ত্রাণচোর ধরা খেয়েছে? না-জানি আরো কতজন অধরা আছে।
—তা বটে। কিন্তু তাতে তো সমস্যা দেখছি না।
—সমস্যা নেই মানে?
—আরে, এ তো সামান্য কিছু চাল-ডাল মাত্র। বছরের-পর-বছর আসা বাজেটগুলোর আশি থেকে নব্বই শতাংশ যে তাদের পেটেই যায়—সে খবর কি আছে? তা-ছাড়া চোর বলছিস কেন? চুরি বলছিস কেন? বল, উপহার! আমি যেমন চা’কে বিরিয়ানি ভেবে খাচ্ছি, ওরাও তেমন ত্রাণসামগ্রীকে উপহার-সামগ্রী ভেবে রেখে দিয়েছে। চা আর বিরিয়ানির কালার যেমন এক, উপহার আর ত্রাণের কালারও এক। চা’কে বিরিয়ানি ভেবে খাবার টেস্ট আসলে তুই বুঝবি না। ত্রাণকে উপহার ভাবার মজাও বোঝার কথা না। যে খায় সে জানে। আমার কাছে চায়ের কাপটা চাঁদের মতো স্নিগ্ধ, রূপার মতো থালা। তাদের কাছে ত্রাণের বস্তাগুলো ডায়মন্ডের টুকরা। এবার বল, ডায়মন্ড পেলে তুই ছাড়বি? একটা একটা করে আসন চুরি করে, ধুত্তোর উপহার নিয়ে পুরো সরকার গঠিত, ফিরতি উপহার তো পাওয়ারই কথা, নাকি? ধরে নে, এসব উপহার। জনগণের জন্যেই তো দিয়েছে। ওরা কি জনগণের বাইরে? অতএব, চুরির কিছু নাই, চোর বলার কিছু নাই।
—বখওয়াস বন্ধ্ কর্। সাধারণ মানুষ না-খেতে পেয়ে মরবে। বিষয়টা যথেষ্ট ভাবাচ্ছে।
—মরুক, সমস্যা কী? মানুষ মরলেই ভালো। যে মানুষ পাঁচশো টাকায় ভোট বেচে দেয়, তাদের মরে যাওয়াই ভালো। লাঠির ভয়ে যে মানুষ ভোটচুরির প্রতিবাদ করে না, তাদের মৃত্যুই শ্রেয়। আমি বুঝি না, ভোটচুরি করে যারা ক্ষমতায় বসেছে, তাদের চালচুরিতে এত অবাক হচ্ছে কেন মানুষ?
—কিন্তু তাই বলে কি তাদের কোনো দোষ নেই?
—নেই। গাছে পরগাছা বসলে তাড়াতে হয়। ক্ষেতে আগাছা জন্মালে উপড়ে ফেলতে হয়। কিন্তু আমরা বহুবছর ধরে ইচ্ছে করেই গাছে পরগাছার চাষ করছি। ক্ষেতে আগাছা বাড়তে দিয়েছি। এখন আগাছায় ক্ষেত খাবে, পরগাছায় গাছের স্থান নেবে—এটাই স্বাভাবিক। এটাই এখন নিয়তি। অতএব, গলা ফাটিয়ে আর লাভ নেই। মানুষ আমগাছ লাগিয়ে কাঁঠাল আশা করে ক্যামনে? ক্ষমতায় বসিয়েছে চোরদের, চাচ্ছে ইনসাফ! আচ্ছা, চোর যে ধরা খেলো। টনে-টনে চাল যে জব্দ হলো, সে চালগুলো কই? সেগুলোর আপডেট খবর কী? জব্দ করার পর তো সেগুলো আবারও বিতরণ করা যেত। বিতরণ কি হয়েছে? নাকি সরকারি ভাণ্ডে সুরক্ষিত আছে? তো, চোরদের ধরে আর লাভ কী? যাদের ধরেছে, তাদের খবর বল। তাদের শাস্তি হয়েছে?
—করোনার করুণকালে শাস্তি?
—হোয়াট অ্যা জোক! মাজেদের ফাঁসি কার্যকর হয়ে গেল, আর এদের শাস্তি সম্ভব না?
—আরে, মাজেদের রায় তো আগেই হয়েছে। এদের তো এখনো বিচার বাকি। তারপর রায় আসবে, তারপর শাস্তি।
—তারপর কিছু ঘুষ, তারপর কিছু শো-ডাউন, অতঃপর আবার চুরি...
—মানে?
—মানে কিছুই না। এটাই চলমান ধারা। মাঠে মানুষ পাইলে পুলিশ-সেনাবাহিনী ইচ্ছেমতো লাঠামো করছে; অথচ গরীব-দুঃখির প্রাণ বাঁচাবার ত্রাণ যারা মেরে দিচ্ছে, তাদের মারা যাচ্ছে না! ব্যাপারটা জোস না?
পাগলা ধ্রুব আবুল-তাবুল বকতে বকতে কোথায় যেন ছুটলো। ওর যাওয়ার পথে উদাসভরা নয়নে তাকিয়ে আনমনে বলে উঠলাম—ব্যাপারটা আসলেই জোস!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মসলকে আলা হযরত

বিষয়ঃ মসলকে আলা হযরতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা। —মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থী: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। ফলপ্রার্থী: ফাযিল প্রথম বর্ষ ★প্রারম্ভিকাঃ  “তমসা ঘেরা এ দুনিয়ার মানুষ দেখিলো সেদিন পথ দীনের আকাশে উদিল যেদিন ‘মসলকে আলা হযরত’ বতুলতায় ভরা এ উপমহাদেশ পেয়েছে সেদিন দিশা রবিসম সে মসলক-গুণে কেটে গেছে অমানিশা।” যাবতীয় প্রশংসা সেঁ মহীয়ান সত্ত্বা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুলের পাশাপাশি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত (রহ.)’র মসলকে কবুল করেছেন। অগুনতি দরুদ ও সালামের নজরানা সেঁ দুজাহানের বাদশা নবি মুহাম্মদ (দ.) এর পাক কদমে, যাঁর অশেষ করুণায় তাঁরই নির্ধারিত যুগের মহান দিকপাল ইমাম আহমদ রেযা খাঁন (রা.)’র মসলকের শামীয়ানায় আমরা আশ্রিত। ইসলামের সকল যুগের সকল সূর্যসন্তানদের প্রতি সশ্রদ্ধ সালামপূর্বক স্মরণ করছি যাঁর পথ-মত তথা ’মসলক’ নিয়ে লিখতে বসেছি, যুগের সে মহান সংস্কারক, আঁধারে আলোকরশ্মি, দোজকের তাপদাহে জান্নাতি পবন, অথৈ সমুদ্রে জাহাজের কাণ্ডারিতুল্য ইমাম আহমদ রেযা খাঁঁন ব্রেলভী (রা.) কে, যিনি এ পৃথিবীতে না এলে ইসলাম-সূর্য এদ্দিনে হয়ত তাঁর...

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।